https://www.a1news24.com
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৮

প্রতিবেশীর নতুন রিকশা দেখতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল নারীর

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রতিবেশীর কেনা নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট’২৫ শনিবার সকালে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত ওই নারীর নাম জরিনা বেগম (৪০)। তিনি একই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে কামরুজ্জামান জানান, মৃতের প্রতিবেশি আরিফুল ইসলাম শুক্রবার রাতে একটি নতুন অটো রিকশা কিনে বাড়িতে আনে। রাতেই বৈদ‍্যুতিক লাইনে অটো রিকশাটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ে সে। শনিবার সকালে সেই অটো রিকশা দেখতে যায় প্রতিবেশী জরিনা বেগম। অটো রিকশাতে হাত দিতেই তিনি বিদ‍্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে বলে তিনি জানান।

আরো..