টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পৌর মেয়র কোন ক্ষমতার পদ নয়, তা আমি দেখিয়ে দিতে চাই। আমার কাছে মেয়র পদটি জনগণের খেদমত করার একটি পদ। শ্রীপুর পৌরবাসী যদি আমাকে নির্বাচিত করেন, এখন আমি যেভাবে জনগণের সাথে মিলেমিশে আছি, নির্বাচিত হওয়ার পর ঠিক সেভাবেই জনগণের সাথে আমি মিশে থাকবো।
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে নিজেকে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে সাংবাদিকদের সাথে আলাপকালে মোহাম্মদ নাসিম মন্ডল এসব কথা বলেন। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নাসিম মন্ডল বলেন, আমি ব্যক্তিগতভাবে কখনোই প্রতিশ্রুতি ভঙ্গের কাজ করি না। আজকে আমি যা বলছি তা আপনারা ভিডিও করে রাখেন। আমার কথার কোন ব্যত্যয় ঘটলে পরবর্তীতে এই ভিডিও আপনারা ভাইরাল করে দিবেন। আমাকে নির্বাচিত করা হলে আমি শুধু পৌরসভার গতানুগতিক কোন কাজের দিকে দৃষ্টিপাত করব না। আমি দেখব পৌরসভার কোন নাগরিক যেন অতিকষ্টে তার জীবিকা নির্বাহ না করে। আমি পদমুখী নই। জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।
তিনি আরো বলেন, অঢেল অর্থ উপার্জন, কোটিপতি হওয়ার জন্য এই দেশে অনেক কাজ রয়েছে। আমার এসবের প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি সরকারের বেঁধে দেওয়া পাঁচ বছর একজন নির্বাচিত পৌর মেয়রের জন্য অনেক সময়। একটি পৌরসভাকে জনগণের স্বপ্নের পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে পাঁচ বছরই যথেষ্ট। তবে সে ক্ষেত্রে স্বচ্ছতা, সদিচ্ছা এবং জবাবদিহিতা অপরিহার্য। আমি এই বৈশিষ্ট্যগুলো নিয়ে মানুষের দোরগোড়ায় যাচ্ছি।
তিনি বলেন, শ্রীপুর পৌর এলাকায় যেভাবে মাদক ছেয়ে গেছে তা হতাশাজনক। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রীপুর পৌরসভা থেকে মাদক নির্মূল একটি অপরিহার্য কাজ। আমি শ্রীপুর পৌরবাসী এবং সংশ্লিষ্ট প্রশাসনের লোকজনকে নিয়ে মাদকের বিরুদ্ধে মোকাবেলা করতে চাই। পয়:নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত ও গতিশীল ড্রেনেজ সিস্টেম চালু এবং সরকারি খালগুলো পুনরুদ্ধার করে তা সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বাস্তবায়ন নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, শ্রীপুর পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে মোহাম্মদ নাসিম মন্ডল বয়সের দিক থেকে কনিষ্ঠ। প্রায় সাড়ে তিন যুগ তিনি তার প্রত্যাশা এবং স্বপ্ন জনকল্যাণে নিবেদিত করার প্রয়াস চালাচ্ছেন।