পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও জ্বালানি তেল বিক্রির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। জানা গেছে, গত মঙ্গলবার কপিলমুনি কলেজ মোড়ে অবস্থিত মেসার্স খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খান দেলোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে তার পরিবার ভ্রাম্যমাণ আদালতের কাছে অনুরোধ করে ৫ হাজার টাকা প্রদান করে বিষয়টি মীমাংসা করেন। এসময় তার কাছে প্রায় ৪০০ লিটার পেট্রোল ও অকটেন মজুদ ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। জরিমানার পর তিনি শুধুমাত্র পেট্রোল বিক্রি করে তেল শেষ হয়ে গেছে বলে কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
কিন্তু পরদিন বুধবার একই স্থানে পুনরায় অকটেন বিক্রি করতে দেখা যায়। এতে করে প্রশ্ন উঠেছে—জরিমানার পরও কীভাবে আবার অকটেন বিক্রি করা হলো? তাহলে কি তার কাছে আরও জ্বালানি তেল মজুদ ছিল? অভিযোগ রয়েছে, তিনি প্রতি লিটার অকটেন ১৭০ টাকা দরে বিক্রি করছেন, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। স্থানীয়দের দাবি, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় এই অবৈধ কার্যক্রম চলছে।
প্রসঙ্গত, খান দেলোয়ার হোসেন আওয়ামী লীগের সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বান্ধবীর ছেলে । তিনি স্থানীয় রাজনৈতিক মহলের সঙ্গেও জড়িত বলে জানা গেছে, যা নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রæত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।