https://www.a1news24.com
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২১

পঞ্চগড়ে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলারশীপ, জেলা প্রশাসকের বরাবরে গন অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি॥পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিলের দাবীতে পঞ্চগড় জেলা প্রশাসকের বরাবরে গন অভিযোগ দাখিল করা হয়েছে। ওই অভিযোগে এলাকাবাসীর পক্ষে ছোলায়মান আলী জানান, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন্য মোট ১৬ জন আবেদনকারীর মধ্যে তিনিও একজন ছিলেন।তিনি অত্র অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ।

আবেদনকারীদের বিষয়ে সরজমিনে কর্মকর্তারা তদন্ত করেন।তদন্তের সময় তাঁর প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ও সার সংরক্ষণের উপযোগী গোডাউন বিদ্যমান ছিল এবং আবেদনে কোনো ত্রুুটি পাওয়া যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, মেসার্স লিয়ন এন্টার প্রাইজের স্বত্বাধিকারী লুকমান হোসেন লিয়নের প্রতিষ্ঠানের নিজস্ব গোডাউন না থাকা সত্বেও তদন্তকারী কর্মকর্তাদের প্রতিবেদনে বিষয়টি যথাযথভাবে উঠে আসেনি।

অভিযোগে আরও বলা হয়, বিগত সরকারের আমলে লুকমান হোসেন লিয়নের আপন চাচা আমির আলীর নামে থাকা গোডাউন বর্তমানে আমির আলীর ছেলে সোহেল রানার নামে ব্যবহৃত হচ্ছে। একই পরিবারের সোহেল রানা ও আমির আলীর স্ত্রী খালেদা (আশা এন্টার প্রাইজ) নামে দুটি সার ডিলারের লাইসেন্স রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ৩ ডিলারের একই গোডাউন বলে জানান, এলাকাবাসীরা।

অভিযোগকারী ছোলায়মান আলী জানান, একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলারের লাইসেন্স থাকা সত্বেও লুকমান হোসেন লিয়নের নামে সার ডিলার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে, যা নিয়োগের নীতিমালার পরিপন্থী। এঅবস্থায় আমির আলীর গোডাউন এবং তাঁর ছেলে সোহেল রানা ও স্ত্রী খালেদা (আশা এন্টার প্রাইজ) নামে থাকা সার ডিলারের লাইসেন্সসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পুনরায় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাসীরা। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে,একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের বিষয়টি নিরপেক্ষভাবে পুনর্বিবেচনা করে মেসার্স লিয়ন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লুকমান হোসেন লিয়নের নামে দেওয়া সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করা প্রয়োজন। পাশাপাশি অমরখানা ইউনিয়নের মেসার্স তিন বোন ট্রেডার্সের স্বত্বাধিকারী ছোলায়মান আলীর নামে সার ডিলার নিয়োগের বিষয়টি সদয় বিবেচনার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

আরো..