https://www.a1news24.com
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৬

নির্বাচন নিয়ে ভিত্তিহীন সমালোচনা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর: আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, নির্বাচন নিয়ে ভিত্তিহীন বা আত্মঘাতী সমালোচনা দেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে দুর্বল করে। এতে ফ্যাসিবাদী শক্তিরই লাভ হয়। তাই রাজনৈতিক দলগুলোর উচিত দায়িত্বশীল বক্তব্য দেওয়া এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অকারণে প্রশ্নবিদ্ধ না করা।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘আত্মোপলব্ধি ও আত্মপর্যালোচনায় অভিষ্ট লক্ষ্য অর্জনের দীপ্ত শপথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সম্প্রতি বিরোধী দলের এক নেতার নির্বাচনে জোর করে হারিয়ে দেওয়ার মন্তব্য অত্যন্ত দুঃখজনক। এ ধরনের বক্তব্য নির্বাচনের চার মাস পর দেওয়া হলে পুরো নির্বাচনী প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয় এবং এতে সবচেয়ে বেশি খুশি হয় আওয়ামী লীগ। সারা পৃথিবী যখন বলছে বাংলাদেশে একটি ভালো নির্বাচন হয়েছে, তখন নির্বাচন নিয়ে এ ধরনের মন্তব্য আত্মঘাতী। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে না, বরং দুর্বল করে। আওয়ামী লীগের হাতে এমন বক্তব্য তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। তাই এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে সময় লাগবে। চার মাসে ১৭ বছরের ক্ষতি পূরণ করা সম্ভব না।

তিনি বলেন, পরিবর্তন ইতোমধ্যে শুরু হয়েছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা হচ্ছে। রাষ্ট্র পরিচালনায় ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়ার সংস্কৃতি গড়ে উঠছে, যা ইতিবাচক পরিবর্তনের লক্ষণ।

ড. আসাদুজ্জামান রিপন আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে সংহত করতে হলে সব গণতান্ত্রিক ও জুলাইপক্ষের রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় রেখে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কাজ এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, জুলাই গণ-অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, ডেইলি ওয়াদার সম্পাদক ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

আরো..