https://www.a1news24.com
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৫

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে তাদের দৈনন্দিন খরচ মেটাতে। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছে ভুক্তভোগীরা। অপরদিকে সারাদেশে গ্যাস সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা হচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা ভারতকে গ্যাস দেওয়ার পর থেকেই দেশে গ্যাস সঙ্কটের সৃষ্টি হয়েছে। ভারতকে দেওয়া গ্যাস বন্ধ করতে হবে। সেইসাথে ভারত ও আমেরিকার সাথে কৃত দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।

আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের দিঘাপাতিয়া মাদরাসা অডিটরিয়ামে নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজী শেখ নূরুননাবী। বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারী জেনারেল আব্দুস সবুর বিএসসিসহ জেলা নেতৃবৃন্দ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, জনগণের সেন্টিমেন্টকে বুঝতে ব্যর্থ হলে সরকারকে চরম মাশুল দিতে হতে পারে। জুলাই সনদের আলোকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষ পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে ফিরে আসতে চায়। প্রতিহিংসার রাজনীতির করালগ্রাস থেকে মুক্তি চায়। নিত্যপণ্যের দাম নাগালে দেখতে চায়। সিন্ডিকেটমুক্ত বাজার চাঁদাবাজমুক্ত দেশ চায়।

তিনি বলেন, ‘সরকারের এক মন্ত্রীর বক্তব্য, চাঁদাবাজি পুরাপুরি বন্ধ করা সম্ভব নয়’ এমন বক্তব্য চাঁদাবাজিকে আরো উৎসাহিত করবে। আসলে চাঁদাবাজি বন্ধ করলে এরা কর্মী পাবে না, আর দুর্নীতি বন্ধ করলে নেতা পাবে না এটাই আসল কথা। সমকামীতাকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে। ট্রান্সজেন্ডার বা সমকামীতা এদেশের এজেন্ডা নয়, এটা বিদেশী এজেন্ডা, এটা বন্ধ করতে হবে।

শূরা অধিবেশনে মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীকে সভাপতি এবং মাওলানা খলিলুর রহমানকে সেক্রেটারি নাটোর জেলা কমিটি ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি তাদেরকে শপথবাক্য পাঠ করান।

আরো..