https://www.a1news24.com
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১১

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

বিএনপি সরকারের মন্ত্রিসভায় রদবদল ও নতুন সদস্যদের শপথ গ্রহণ ও দপ্তর বণ্টনের পর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের পাশাপাশি এক মন্ত্রীর দপ্তর রদবদল করা হয়েছে।

প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত চার মন্ত্রীর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।

এছাড়া জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু (জেরী)-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (টেকনোক্র্যাট) হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)-কে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি বর্তমান মন্ত্রিসভার সদস্য মিজ আফরোজা খানমের দপ্তর পুনর্র্বণ্টন করা হয়েছে। তিনি এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, নতুন আদেশে তাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, ওই দিনই ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে শপথ নেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয় এবং রাতেই তাদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হলো।

আরো..