বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (২১ আগস্ট) দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরের বিষয়ে মন্তব্য করার মতো কোনও তথ্য তার কাছে নেই।
রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, দিল্লিতে এই সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর (সফরের) বিষয়ে প্রশ্নের জবাবে আমার এই মুহূর্তে কিছু বলার নেই। এসংক্রান্ত কোনও হালনাগাদ তথ্য থাকলে আমি আপনাদের তা জানিয়ে দেব।
সংবাদ সম্মেলনে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশ যোগ দিতে পারে- এমন গুঞ্জন নিয়ে এক সাংবাদিক ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমার আর কিছু বলার নেই।
এছাড়া গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে করা অপর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির মেয়াদ ৩০ বছর। ভারত-বাংলাদেশের নদী-সম্পর্কিত সব বিষয় যৌথ নদী কমিশনের আওতায় আলোচনা হয়। গঙ্গা পানি চুক্তির আওতায় যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।