https://www.a1news24.com
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪০

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ গোল হজম বাংলাদেশের

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়ে শুরু হয় বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান গেমস অভিযান। সে ম্যাচে দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার। বড় হারে দলের মূল অস্ত্রদের ঠিকঠাক ব্যবহার করতে না পারায় তুমুল সমালোচিত হতে হয় কোচকে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওসাকায় আরেক কোরিয়ার বিপক্ষে এ কোচ আনেন ছয় পরিবর্তন। ঋতু, মনিকা, এমনকি গোলকিপার রূপনা চাকমাকেও খেলান তিনি। তারপরও বড় ব্যবধানেই হারতে হয়েছে বাংলাদেশকে। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরে দ্বিতীয় হওয়ার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন গ্রুপের শেষ ম্যাচে মিয়ানমারকে হারাতে পারলে সেরা দুই তৃতীয় দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকছে বাংলাদেশের।

এ ম্যাচে বাটলার গোলকিপার মিলি আক্তার, আনিকা রানিয়া সিদ্দিকী, মোসাম্মৎ সুলতানা, আরফিন আক্তার সুরভি, অর্পিতা বিশ্বাস, আইরিন খাতুনকে বেঞ্চে রেখে সুযোগ দেন অভিজ্ঞদের। গত কয়েক ম্যাচ ধরে বেঞ্চ গরম করা গোলকিপার রূপনা চাকমা, ডিফেন্ডার শিউলি আজিমকে মাঠে নামান কোচ। এছাড়া গত ম্যাচে যাদের বাদ দিয়ে কোচ সমালোচিত হয়েছিলেন সেই ঋতুপর্ণা, মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়রদের ফেরান।

শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ঘর সামলে বার দুই আক্রমণেও উঠেছিল তারা। তবে ১৬ মিনিটে কর্নারের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এরপর প্রথমার্ধের শেষের দিকে রক্ষণের ভুলে দ্বিতীয় গোল হজম করে তারা। বিরতির পর অবশ্য আর কোরিয়ানদের ধরে রাখা যায়নি। গুণে গুণে আরও চার গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে আগের ম্যাচে মিয়ানমারকে ৫-০ ব্যবদানে হারানো দক্ষিণ কোরিয়া।

২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচকেই পাখির চোখ করতে হবে বাংলাদেশকে। দুই বড় হারের ধাক্কা কাটিয়ে সে ম্যাচে জিতলে সুযোগ থাকবে শেষ আটে খেলার।

আরো..