তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।সোমবার (৬ জুলাই) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ প্রদান ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠিত হয়।
তালা ইউসিসিএ লিমিটেডের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারেক ইমাম, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা ইউসিসিএ’র সহ-সভাপতি আব্দুল মোমিন, সদস্য তপন কুমার ঘোষ, পরিদর্শক নাজমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে একটি সমিতির ৭ জন সদস্যের মধ্যে ৩ লক্ষ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এ ছাড়া সফল উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট প্রদান এবং ২০০টি সমবায় সমিতির সদস্যদের মধ্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।