নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারেক রহমান সাহেব আমাদের যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তাঁকে প্রধানমন্ত্রী করে আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব।’
বৃহস্পতিবার বেলা ১টার দিকে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা পেছনে তাকাই না, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আজ একটি রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে এবং মিথ্যা কথা বলছে। এমনকি আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা রটনা করছে। আপনারা এই দলটিকে চেনেন, কোন দল এটি? এই দলটি কি ভোট পাবে? এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। আজ তারা বলছে, এরা নাকি বাংলাদেশকে নতুন করে শুরু করবে।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমাদের সাবধান থাকতে হবে এসব দল এবং ব্যক্তির কাছ থেকে, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। আজকের লড়াই তাদের বিরুদ্ধে। আজকের লড়াইয়ে আমাদের জয়লাভ করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই সিলেট সেই সিলেট, যেখানে এম এ জি ওসমানীর জন্ম হয়েছে। এই সিলেট সেই সিলেট, যেখানে উন্নয়নের নেতা সাইফুর রহমানের জন্ম হয়েছে। এই সিলেট সেই সিলেট, যেখানে ইলিয়াস আলী অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুম হয়েছেন। দীর্ঘ ১৫ বছর এ দেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, মিথ্যা মামলায় পড়েছে, গুম হয়েছে, কিন্তু কখনো মাথা নত করেনি।’
বিএনপির মহাসচিব আরও বলেন, আজ তারেক রহমান সিলেট থেকে যাত্রা শুরু করেছেন। এই যাত্রা আগামী দিনের বাংলাদেশকে নতুনভাবে সাজানোর একটি যাত্রা। তারেক রহমানের চিন্তা ও পরিকল্পনার মধ্য দিয়ে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রা।