https://www.a1news24.com
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৩

ড্রেন পরিষ্কারের ময়লা রাস্তায়, দুর্ভোগে পথচারী ও যানবাহন

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুর পৌরসভার ড্রেন পরিষ্কারের কাজ শুরু হলেও অপসারিত ময়লা-আবর্জনা দ্রুত সরিয়ে না নেওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে কাদা, দুর্গন্ধ ও ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। ড্রেন থেকে তোলা আবর্জনা রাস্তার পাশে ফেলে রাখায় ব্যস্ত সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় পথচারীদের।

সরেজমিনে দেখা যায়,ঢাকা-ময়মনসিংহ্ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসড়কের নিচের অংশে ড্রেন পরিষ্কারের পর মাটি, পলিথিন, পচা আবর্জনা ও বিভিন্ন বর্জ্য রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ওই আবর্জনা পানির সঙ্গে ছড়িয়ে পড়ে পুরো সড়ক কাদাময় হয়ে যায়। কোথাও কোথাও তৈরি হয়েছে ছোট-বড় গর্ত ও জলাবদ্ধতা।

এতে পথচারীদের কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলের সময় কাদা ছিটকে পড়ছে যাত্রী ও পথচারীদের গায়ে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক মানুষ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ড্রেন পরিষ্কারের উদ্যোগ ভালো হলেও ময়লা দ্রুত অপসারণ না করায় পরিবেশ আরও নোংরা হয়ে গেছে। দুর্গন্ধের কারণে দোকানে বসে ব্যবসা করাও কষ্টকর হয়ে পড়েছে। এছাড়া আবর্জনার স্তূপ থেকে মাছি-মশার উপদ্রব বাড়ার আশঙ্কা করছেন তারা।এক পথচারী বলেন, ড্রেন পরিষ্কার করা দরকার, কিন্তু ময়লা রাস্তায় ফেলে রাখলে তো সমস্যা আরও বাড়ে। বৃষ্টি হলে হাঁটার উপায় থাকে না।

স্থানীয়দের দাবি, ড্রেন পরিষ্কারের সঙ্গে সঙ্গে অপসারিত বর্জ্য দ্রুত নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হোক। পাশাপাশি সড়কের কাদা ও ভাঙা অংশ মেরামত করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার আহ্বান জানান তারা।এ বিষয়ে পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, জনদুর্ভোগ কমাতে ড্রেন পরিষ্কারের কাজ চলমান রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে ড্রেন থেকে তোলা মাটি ও বর্জ্য কাদায় পরিণত হয়ে সাময়িকভাবে চলাচলে কিছু সমস্যা সৃষ্টি করেছে। তবে অপসারিত ময়লা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং জনসাধারণের ভোগান্তি দূর হবে।

আরো..