https://www.a1news24.com
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪০

চট্টগ্রামে হাসপাতাল থেকে বের হয়ে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর হাসপাতাল এলাকা থেকে চিকিৎসাধীন এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগে রয়েছে পরিবার। এ ঘটনায় জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিখোঁজ যুবকের নাম মো. আব্দুল হালিম (২৮)। তিনি কক্সবাজার জেলার বড় মহেশখালী ইউনিয়নের মাবের ঢেইল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আব্দুস সাত্তার।

পরিবারের সদস্যরা জানান, আব্দুল হালিম একজন মানসিক ভারসাম্যহীন এবং বাক ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় ১৫-২০ দিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন।

পরে আবার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে গত ২৮ জুলাই তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন হাসপাতালে আনা হয়। সেদিন রাতে তিনি হাসপাতালে অবস্থান করেন।

পরদিন ২৯ জুলাই সকাল আনুমানিক ৭টার দিকে, ছোট ভাই হাফেজ আব্দুল ওয়াহেদের অজান্তে হাসপাতাল এলাকা থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি আব্দুল হালিমের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে ০১৮২৫-৪৩৯৮৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তাঁরা থানায় জিডিও করেছেন।

পরিবারের সদস্যদের আশা, সবার আন্তরিক সহযোগিতা ও একটি শেয়ারের মাধ্যমে নিখোঁজ আব্দুল হালিম দ্রুত পরিবারের কাছে ফিরে আসবেন।

আরো..