অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃমঙ্গা -খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত কুড়িগ্রাম জেলা। এর মধ্যে এ বছর শুরু হয়েছে আগাম শীত। শীতে বর্তমানে কাহিল কুড়িগ্রামের নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন।
শনিবার সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। জানিয়েছে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
দিন ও রাতে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভুত হচ্ছে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় চাদরে ঢাকা থাকছে চার-দিক।
আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য উত্তাপ তেমন ছড়াতে পারছে না। ফলে দিনের বেলাও কনকনে ঠান্ডায় অস্বস্তিতে পড়েছে মানুষজন। কুয়াশার ঘনত্ব বেশী হওয়ায় যানবাহনগুলো দিনের বেলায় হেড-লাইট জ্বালিয়ে যাতায়াত করছে।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের স্থানীয় বাসিন্দা শ্রমজীবী রিয়াজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,শীতের কারণে কাজে যেতে পাচ্ছি না। কাজে যেতে বিলম্ব হচ্ছে।
একই গ্রামের এরশাদুল বলেন,শীতের কারণে কাজের সন্ধান না মেলায় পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন।
কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নয়া মিয়া বলেন,ঠান্ডার কারণে সবজি ক্ষেত থেকে তুলে বাজারজাত করতে বিলম্ব হচ্ছে।
অপর দিকে হিমেল বাতাসে শীত কষ্টে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের
অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন।
অন্যদিকে শীত নিবারণে সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তিগত তেমন কোন উদ্যোগ চোঁখে পড়ছে না।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান,আমাদের উপজেলা অনুযায়ী তালিকা প্রস্তুতের কাজ চলছে। শীঘ্রই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হবে।