এমএ মন্ডল এটম, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৩জুন) সকাল সাড়ে ৯টায় রাজারহাট- তিস্তা রেল সড়কের কিশামত পুণকর কসাইটারী গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কিশামত পুণকর কসাইটারী গ্রামের মৃত তমিজ উদ্দিনের দ্বিতীয় ছেলে কাঠমিস্ত্রী আব্দুস সালাম(৬৫) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাইসাইকেল যোগে রেল লাইন পারাপারের সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের রমনাগামী রমনা লোকাল ট্রেনটি ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় তিনি বাইসাইকেলসহ পার্শ্ববর্তী জমিতে ছিটকে পড়েন। এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুস সালামের মৃত্যু ঘটে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউনিয়া রেলওয়ের ফাঁড়ি ইনচার্জকে বিষয়টি অবহিত করেন বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন জানিয়েছেন। এলাকবাসী দাবী করেন, রেললাইনের ধারে অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় ট্রেন আসা যাওয়ার বিষয়টি লক্ষ্য করা যায় না। সে কারণে এখানে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে।
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সকাল ৭:৫৮