https://www.a1news24.com
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫

কাউনিয়ার ভায়ারহাট-রংপুর সড়ক মরণফাঁদে, চরম দুর্ভোগে হাজারো মানুষ

কর্তৃপক্ষ দর্শকের ভূমিকায়

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাট-রংপুর (নব্দীগঞ্জ) ১১ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটি অতিবৃষ্টি ও ভারী যানবাহনের চাপে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে।

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার পরও সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছেন। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবকিছু দেখেও কার্যকর ব্যবস্থা না নিয়ে যেন দর্শকের ভূমিকায় রয়েছে।

সরেজমিনে দেখা যায়, কুর্শা ইউনিয়নের সিংহেরকুড়া বাজার থেকে প্রায় আধা কিলোমিটার পূর্বে গোপাল গ্রাম এলাকায় সড়কের মাঝখানে বড় ও গভীর গর্ত সৃষ্টি হয়েছে। সেখানে যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার উপক্রম হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রæত সংস্কার না হলে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।

কাউনিয়া উপজেলার দীর্ঘতম এই সড়কটি ভায়ারহাট থেকে রংপুরের নব্দীগঞ্জ পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার বিস্তৃত। সড়কটি দিয়ে প্রতিদিন কাউনিয়া ও পীরগাছা উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ রংপুর জেলা শহরে যাতায়াত করেন। এছাড়া রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্যও নিয়মিত নিজ গ্রামের বাড়ি ভায়ারহাটে যাতায়াতের জন্য এ সড়ক ব্যবহার করেন বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হলেও কোনো স্থায়ী সংস্কারকাজ শুরু হয়নি। তাদের ভাষ্য, দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করা প্রয়োজন।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, “অতিবৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে।”

আরো..