কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা- পিরোজপুরের কাউখালী শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবের তৃতীয় দিনে হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে আশ্রম প্রাঙ্গণ। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের পদচারণায় উৎসবস্থল পরিণত হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন মিলনমেলায়।
উৎসব উপলক্ষে সকাল থেকেই আশ্রমে ভক্তদের আগমন শুরু হয়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস, মাইক্রোবাস, লঞ্চ, ট্রলার, অটোরিকশা, মহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনে করে ভক্তরা আশ্রমে এসে সমবেত হন। ভক্তদের উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পাঁচ দিনব্যাপী এ আবির্ভাব উৎসব উপলক্ষে আশ্রমে ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা, প্রার্থনা ও বিভিন্ন আয়োজন চলছে। উৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তরা একে অপরের সঙ্গে মিলিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উৎসবে অংশ নিচ্ছেন।
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে আশ্রমের বিশাল মাঠজুড়ে বসেছে ঐতিহ্যবাহী রাসমেলা। মেলায় বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পুণ্যার্থী ও ভক্তদের আগমনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। হোটেল-রেস্তোরাঁসহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে চলছে জমজমাট কেনাবেচা । ব্যবসায়ীরা আশা করছেন, রাস উৎসবকে কেন্দ্র করে এবার স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে, উৎসব উপলক্ষে আগত ভক্তদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। আগামী ২৯ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ আবির্ভাব উৎসবের সমাপ্তি ঘটবে।