কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন কাজী (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব বেতকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আল আমিন কাজী সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের সোহরাব কাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে সংঘটিত ঘটনার মামলায় আল আমিন কাজীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আল আমিন কাজীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।