ঢাকার মিরপুর ১০ নম্বর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু পওয়া গেছে। এ ঘটনায় এসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার দুপুরে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে যায়।
সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, “একসঙ্গে দুই জায়গায় বোমা পাওয়ার খবর পাওয়া গেছে, মিরপুর ও তেজগাঁওয়ে। আমাদের টিম কাজ করছে।”
মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, “সিটিটিসি এসেছে, তারা বিষয়টি দেখছে। আপাতত বলা যাচ্ছে না, এটি আইইডি কি না।”
ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ওঠা-নামার নির্দেশনামূলক বোর্ডের উপরে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে একটি পিলারের কাছে একটি বস্তা পাওয়া গেছে। সন্দেহজনক হওয়ায় আমরা বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডেকেছি।”
ঘটনাস্থলে পুলিশের একটি টিমসহ তেজগাঁও থানার ওসি ক্যশৈনু মারমা উপস্থিত রয়েছেন।
তিনি বলেন, “ভেতরে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু এ নিয়ে অবহেলা তো করা যাবে না। তাই বোম্ব ডিসপোজাল ইউনিটকে আমরা খবর দিয়েছি।”
এর মধ্যে বেলা দেড়টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে তারা জানান, সেটি একটি খালি বস্তা ছিল।
এর আগে হত ২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ‘পাইপ বোমা’ উদ্ধার করে পুলিশ। সেদিন ছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রা। ওই বোমাটি পরিত্যক্ত ছাতার মধ্যে রাখা হয়েছিল।
এরপর বৃহস্পতিবার রাতে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার চারাবাগ এলাকার চায়ের দোকানের সামনে থেকে ‘শক্তিশালী বোমা’ উদ্ধার করার কথা জানিয়েছিল ডিএমপি। পরে বোমটি নিষ্ক্রিয় করা হয়।