https://www.a1news24.com
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৪

ঈদের দিনে ‘প্রিন্স’ বিপর্যয়: সার্ভার জটিলতায় শো বন্ধ, ক্ষুব্ধ দর্শকদের ভাঙচুর

ঈদুল ফিতর উপলক্ষে ২১ মার্চ দেশের প্রেক্ষাগৃহগুলোতে একসঙ্গে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র— ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। তবে মুক্তির দিনেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’।

সর্বোচ্চ ১৩৩টি হলে প্রদর্শনের পরিকল্পনা থাকলেও সার্ভার জটিলতার কারণে দুপুর পর্যন্ত ৫০টির বেশি হলে সিনেমাটির কোনো শো চালানো সম্ভব হয়নি। এতে প্রিয় তারকার সিনেমা দেখতে এসে হতাশ হয়ে পড়েন দর্শকরা। কোথাও কোথাও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে হল ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে সিনেমা হল মালিকদের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ বার্তা ও ভয়েস রেকর্ড থেকে জানা যায়, সার্ভার সমস্যার কারণে নির্ধারিত সময়ে সিনেমাটি চালানো যায়নি। ফলে অনেক হল কর্তৃপক্ষ বাধ্য হয়ে সকালের শোর টিকিটের টাকা ফেরত দিয়েছেন।

হল মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত সার্ভার পরিবর্তন করে নতুন সিস্টেমে যাওয়ার পর থেকেই এই জটিলতা তৈরি হয়েছে। কোথাও ফাইল পৌঁছায়নি, কোথাও আবার পাসওয়ার্ড না পাওয়ায় প্রদর্শন সম্ভব হয়নি। এমনকি কিছু হলে ছবি চললেও শব্দ সমস্যার কারণে শো বন্ধ রাখতে হয়েছে।

টেকের হাটের সোনালী সিনেমা হলের মালিক রাহুল খান জানান, কয়েক লাখ টাকা দিয়ে সিনেমাটি নেওয়ার পরও সার্ভারে ফাইল না আসায় তিনি দুপুরের শোর প্রায় ১৫ হাজার টাকার টিকিট ফেরত দিতে বাধ্য হয়েছেন। এর আগে সকালের শো বন্ধ থাকায় ক্ষুব্ধ দর্শকরা হলের আসবাবপত্র ভাঙচুর করেন।

এদিকে দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সও ‘প্রিন্স’-এর ডিসিপি ফাইল সময়মতো পায়নি। প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ঈদের পাঁচটি সিনেমাই প্রদর্শনের পরিকল্পনা ছিল তাদের। কিন্তু দুপুর পর্যন্ত ‘প্রিন্স’-এর কোনো ফাইল না পাওয়ায় তারা শো চালাতে পারেননি, যা আর্থিকভাবে বড় ক্ষতির কারণ হয়েছে।

সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে অনন্য মামুনের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এ পরিস্থিতির জন্য পরিবেশককে দায়ী করছেন অনেক হল মালিক। তারা শিগগিরই একটি কমিটি গঠন করে ক্ষতিপূরণ দাবি করার কথাও জানিয়েছেন।

যদিও এ বিষয়ে অনন্য মামুন বা প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানিয়েছেন, সমস্যার সমাধানে তারা কাজ করছেন।

আরো..