নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ (অতিরিক্ত দায়িত্ব)।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা, ১১টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
ত্রৈমাসিক সভায় সভাপতি গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম আদালতের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ।গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তির মাধ্যমেস্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধান করতে হবে। সেজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যসহ সবাইকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে।
তিনি ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন ।সভায় উপস্থিত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়নে সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।