https://www.a1news24.com
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১১

বাগেরহাটে আইনজীবী শান্ত হত্যা: ৫০ ঘণ্টায় প্রধান আসামিসহ চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডের ৫০ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত বলে দাবি করা একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮) ও মো. শিপন শেখ (২৮)।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই রাত ১২টার পর আদালতের জরুরি কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। রাত প্রায় ১টার দিকে বাগেরহাট পৌরসভার হাড়িখালী তেঁতুলতলা মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বা পরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাগেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়। মামলার তদন্ডে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে সদর উপজেলার তেঁতুলতলা মোড়সংলগ্ন পিসি ডেমা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার শেখ মুরাদ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী। তাঁর কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বলে দাবি করা একটি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নাসের রিকাবদার বলেন, হত্যাকান্ডের মাত্র ৫০ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন। প্রযুক্তিনির্ভর তদন্ডেও তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার উদ্দেশ্য, পরিকল্পনা এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা থাকলে তা উদ্‌ঘাটনের চেষ্টা করা হবে।

নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার হত্যাকান্ডে জেলাজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।

আরো..