https://www.a1news24.com
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৫

আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়: কার্লোস

ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে সম্প্রতি বিশ্ব ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছিল, অবশেষে তা নিয়ে মুখ খুলেছেন তিনি। ৫৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ডিফেন্ডার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার ইসলাম গ্রহণের খবরটি সম্পূর্ণ সত্য নয়।

সম্প্রতি মরক্কোর নাগরিক ও ফিফা-স্বীকৃত প্লেয়ার্স এজেন্ট সৌহাইলা এল তাহিরিকে বিয়ের পর থেকেই কার্লোসের ধর্ম পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে তুরস্কের গণমাধ্যম এবং দেশটির ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর এই গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

সেখানে দাবি করা হয়েছিল, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম কমিউনিটির পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদের কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন ৫৩ বছর বয়সী কার্লোস।

তবে সৌদি আরবের জনপ্রিয় পত্রিকা ‘ওকাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন কার্লোস। তিনি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়। ’

বিয়ের অনুষ্ঠান ঘিরে চলা আলোচনা প্রসঙ্গে কার্লোস ব্যাখ্যা করেন, ‘আমাদের বিয়ের অনুষ্ঠান একাধিক ধরনের হয়েছিল। আমরা পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান করেছি, কারণ তারা ক্যাথলিক ধর্মের অনুসারী। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য আরেকটি অনুষ্ঠানও করা হয়েছিল।

সাফল্যে পূর্ণ রবার্তো কার্লোস ফুটবল ক্যারিয়ারে ব্রাজিল জার্সিতে জিতেছেন ২০০২ বিশ্বকাপ, আগের আসরে রানার্সআপ। রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ উৎসব করেছেন। ফুটবল মাঠে নিজের গতিময় ফ্রি-কিক ও সফল ক্যারিয়ারের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কার্লোসের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে তার নিজের এই স্পষ্ট বক্তব্যের পর ইসলাম গ্রহণ সংক্রান্ত সব গুঞ্জনের অবসান ঘটল।

আরো..