https://www.a1news24.com
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫০

আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ প্রতিষ্ঠানের ৪৫ কর্মকর্তা: মাহদী আমিন

আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত।

মাহদী আমিন বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার এ যাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতার নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে দেশটি আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে বিদ্যুৎ ও গ্যাস খাতে তৈরি হওয়া সংকট কাটিয়ে উঠতে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো নিয়েও মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বেসরকারি খাতের বিকাশে সরকার ভবিষ্যতেও নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন প্রতিবন্ধকতা কমাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। এ ক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মাহদী আমিন। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে শিগগিরই এ ব্যবস্থা চালু করা হবে।

তিনি বলেন, বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালু হলে পণ্য পরিবহন ও খালাসে সময় কমবে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।

এদিকে একই দিনে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন বাড়ানো, জ্বালানি সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

মাহদী আমিন বলেন, সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়ে বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে রাষ্ট্রীয় সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা এবং দেশের বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এসব উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো..