অনলাইন ডেস্ক: আইপিএল নিলামের ২৪ ঘণ্টাও পেরোয়নি। মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটিই সর্বোচ্চ দাম।
রেকর্ড দামে আইপিএল দল পাওয়ার পরের দিনই আইএল টি-টোয়েন্টিতে মাঠে নামেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এমআই এমিরাটসের বিপক্ষে ম্যাচে চলতি আসরে নিজের সেরা দিন পার করেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার।
দুবাইয়ে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৭ রান তোলে এমআই এমিরাটস। শুরুটা দাপুটে হলেও শেষটা রঙিন হয়নি তাদের। এর পেছনে বড় কারণ ছিলেন মোস্তাফিজ। ৩০ বছর বয়সী বাংলাদেশি পেস সেনসেশন এদিন ৪ ওভার বোলিং করে নেন ৩ উইকেট। রান খরচে কিছুটা বিলাসিতা দেখান। ৮.৫০ ইকোনমি রেটে তিনি দেন ৩৪ রান।
এর আগে চলতি টুর্নামেন্টে ২ উইকেট ২২ রানের বোলিং ফিগারই ছিল মোস্তাফিজের সেরা। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন তিনি। আসরে এখন পর্যন্ত তার মোট উইকেট সংখ্যা ৯টি। সেরার দৌড়ে থাকা ওয়াকার সালমানখিলের ঝুলিতে রয়েছে ১২ উইকেট। তবে ওয়াকারের চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন বাংলাদেশি এই পেসার।
টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসও শীর্ষে থাকার লড়াইয়ে টিকে আছে। এখন পর্যন্ত ৫ ম্যাচে দলটির জয় ২টি। আজ এমআই এমিরাটসের বিপক্ষে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা গালফ জায়ান্টসের সঙ্গে ব্যবধান কমবে।