কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন কৃষক কার্ড কর্মসূচির আওতায় আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় পাইলটিংয়ের দ্বিতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পর্যায়ে ঢাকা ও খুলনা বিভাগের প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক হিসেবে নির্বাচিত ২ লাখ ৬৯ হাজার কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে কৃষি উপকরণ সহায়তা বাবদ জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা হারে মোট প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা দেওয়া হবে।
পরবর্তী সময়ে ৫ ডিসেম্বর গাইবান্ধায় রংপুর বিভাগের কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে রংপুর বিভাগের প্রায় ১ লাখ ৫৪ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক হিসেবে নির্বাচিত ১ লাখ ৩৭ হাজার কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে কৃষি উপকরণ সহায়তা বাবদ প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা দেওয়া হবে।
কৃষি মন্ত্রণালয়ের কৃষক কার্ড কর্মসূচির আওতায় চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কৃষকদের জন্য পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশব্যাপী চলমান কৃষক কার্ড কার্যক্রমের আওতায় আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে। দেশের ৬৪ জেলা, ৫০৩ উপজেলা, ১৬টি মেট্রোপলিটন এলাকা এবং ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক হিসেবে বিবেচিত প্রায় ৩৯ লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা বাবদ প্রায় ৯৭০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে দেশব্যাপী কৃষকদের তথ্য সংগ্রহের জন্য সব উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে প্রায় ৭ হাজার ২০০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করছেন।
কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রায় ২৭ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা কমিটি প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে এবং প্রায় ১৬ লাখ ৫৬২ জন কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে।
এর আগে, ২০২৬ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের আট বিভাগের ১০ জেলার ১১ উপজেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। এরপর ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় পাইলট পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৭৭ উপজেলার প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তার অর্থ দেওয়া হয়।
এ পর্যায়ে কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি হিসেবে প্রাথমিকভাবে কুষ্টিয়া সদর উপজেলার দুটি কৃষি ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষককে এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকের ১ হাজার ৯৯০ জন কৃষককে সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষক কার্ড দেওয়া হবে। কৃষক কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংক—বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক—সংযুক্ত রয়েছে।
কার্ড মুদ্রণের পর সব কৃষককে পর্যায়ক্রমে তা বিতরণ করা হবে। তবে এ পর্যায়ে কৃষি উপকরণ সহায়তার আওতাভুক্ত কৃষকরা কার্ড ছাড়াও সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে নগদ অর্থ উত্তোলন করে তা দিয়ে কৃষি উপকরণ কিনতে পারবেন। উপকরণ কেনার পর প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবহিত করে তা সংশ্লিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে কৃষি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়ে বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের সব কৃষককে ডিজিটাল ব্যবস্থাপনায় বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রদান, ন্যায্যমূল্যে সেচসেবা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র বিতরণ, মোবাইলে ফসলের বালাই ব্যবস্থাপনা সেবা, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজারের তথ্য, কৃষিবিমা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুবিধা।
কৃষক কার্ডের আওতায় তথ্য সংগ্রহের সময় প্রকৃত কৃষককে অন্তর্ভুক্ত করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির পরিমাণ ও কৃষিকাজসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলা, কার্ড মুদ্রণ ও বিতরণ এবং অন্যান্য সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির কাজ সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। ভুল তথ্য দিয়ে কেউ যেন এ কর্মসূচির সুবিধা নিতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রকৃত কোনো কৃষক যেন বঞ্চিত না হন, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষক কার্ড বর্তমান ক্ষমতাসীন দলের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের পরপরই এ কার্যক্রম শুরু করা হয়। এর মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলা হচ্ছে। ফলে প্রকৃত কৃষক শনাক্ত করা, সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীর কাছে পৌঁছানো এবং কৃষিসেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হবে।
কৃষি সচিব মো. সেলিম খান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের সব কৃষকের চাষযোগ্য জমির পরিমাণ, ফসলের বৈচিত্র্য, কৃষিপণ্যের চাহিদা, মাটির স্বাস্থ্যসহ কৃষিসংশ্লিষ্ট যাবতীয় তথ্য নিয়ে একটি সমন্বিত বৃহৎ ডেটাবেজ গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে দেশের কৃষি আধুনিক, তথ্যনির্ভর ও পরিকল্পিত ব্যবস্থাপনায় প্রবেশ করবে।
তিনি বলেন, কৃষক কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়; এটি কৃষকের মর্যাদাকে নতুন উচ্চতায় উন্নীত করবে। কৃষিকে একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে এ খাতকে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে কাজ করছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা চালু করতে সরকার কৃষক কার্ড কর্মসূচি হাতে নিয়েছে। পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ফসল উৎপাদনের সব ধরনের সেবা কৃষক এ কার্ডের মাধ্যমে পাবেন।