হামলার ভিডিও ধারণ করেছিল নিজেরাই
স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হামলার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন—শরীফুল ইসলাম শামীম (২৩), মাহমুদুন নবী (৩১) এবং মেহেদী হাসান রাসেল (২৬)। তাদের সবার বাড়ি বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলায়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ঘটনার ভিডিও ধারণ করা একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম জানান, ঘটনার পর থেকেই অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে খুলনার লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাটের মূলঘর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান রাসেলকে আটক করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, “গ্রেপ্তারকৃত তিনজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার নেপথ্যে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাত ১০টা ২০ মিনিটের দিকে ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। জনবহুল এলাকায় এমন আকস্মিক হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিষয়টি জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।