দোয়া মাহফিলে
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রস্তুতি ও নিজের অবস্থান জানান দিয়েছেন অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু। এ উপলক্ষে তিনি এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক দোয়া মাহফিলের আয়োজন করেন।
বুধবার (২৫ নভেম্বর) বাদ এশা উপজেলার হরিশ্বর তকিপল বাজার এলাকায় তাঁর নিজ বাড়ির সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন তকিপল বাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক মুক্ত আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু। এ সময় তিনি বলেন, ইতোমধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতির বিবেক। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন যেন দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান তিনি। নির্বাচিত হলে বালাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে সাংবাদিক ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বালাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রার্থীদের রাজনৈতিক অবস্থান, জনসম্পৃক্ততা, অতীত কর্মকাণ্ড ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এরই ধারাবাহিকতায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নিজের নির্বাচনী অবস্থান এবং পরিকল্পনার কথা তুলে ধরলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।