https://www.a1news24.com
,

ক্রিজের একপাশে দাঁড়িয়ে ‘অদ্ভুত’ আউটের সাক্ষী হলেন ক্যারিবীয় তারকা

আন্তর্জাতিক ক্রিকেটে আরও আগে থেকেই ‘টাইমড আউট’-এর নিয়ম রয়েছে। ক্রিকেটে কোনো ব্যাটার আউট বা অবসর নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী ব্যাটারকে বল খেলার জন্য প্রস্তুত হতে হয়। সেটি না মানলে কোনো বল মোকাবিলা ছাড়াই তিনি টাইমড আউট বলে বিবেচিত হবেন। তবে বিগ ব্যাশে নিয়মটি কিছুটা ভিন্ন, সেই অদ্ভুত নিয়মে ক্রিজের পাশে দাঁড়িয়েই নিজের স্টাম্প উড়ে যেতে দেখলেন ক্যারিবীয় তারকা দিয়েন্দ্রা ডটিন।

টাইমড আউটের ক্ষেত্রে ক্রিকেটের নিয়ম প্রণয়নকারী সংস্থা এমসিসি বলছে, পরবর্তী ব্যাটারের ক্রিজে বল মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার সময়সীমা ৩ মিনিট। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী টেস্ট ও ওয়ানডেতে ২ মিনিট এবং টি-টোয়েন্টিতে ৯০ সেকেন্ড করা হয়েছে। অন্যদিকে, বিগ ব্যাশে সেটি আরও কমিয়ে ৭৫ সেকেন্ডে প্রস্তুত থাকতে হয়।

তবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে টাইমড আউট নিয়মের প্রয়োগে কিছুটা ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের টাইমড আউটের মতো সরাসরি সিদ্ধান্ত না দিয়ে নতুন ব্যাটারকে উইকেটের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এরপর প্রতিপক্ষ বোলার স্টাম্প লক্ষ্য করে একটি ফ্রি ডেলিভারি করার সুযোগ পান। ফাঁকা ক্রিজে বল করে তিনি স্টাম্পে আঘাত করতে পারলে আউট বলে বিবেচিত হবেন কিছুটা সরে দাঁড়ানো ওই ব্যাটার।

বিগ ব্যাশের ইতিহাসে অদ্ভুত ওই নিয়মের প্রথম শিকার হলেন মেলবোর্ন রেনেগেডসের ক্যারিবীয় অলরাউন্ডার দিয়েন্দ্রা ডটিন। ব্রিসবেন হিটের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালো অবস্থানেই ছিল রেনেগেডস। তবে জর্জিয়া ওয়ারহ্যাম আউট হওয়ার পরই ঘটে অদ্ভুত ঘটনা। ব্যাটিংয়ে নামতে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি ডটিন। ফলে পপিং ক্রিজ থেকে দূরে দাঁড়াতে হয় তাকে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ডটিনকে আউট করেন ব্রিসবেন হিটের ইংলিশ বোলার সারাহ গ্লেন।

গ্লেনের করা ফ্রি ডেলিভারি সরাসরি স্টাম্পে আঘাত করলে বল মোকাবিলার আগেই সাজঘরে ফিরতে হয় ডটিনকে। তার এমন বিদায়ে মৌসুম শেষ হওয়ার শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত নাটকীয় জয়ে বিপদ এড়িয়েছে রেনেগেডস। শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে ৩ উইকেটে জিতেছে তারা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতান অ্যানি উইকম্যান।

ডটিনের অদ্ভুত আউটের ঘটনাকে বেশ নাটকীয় হিসেবে বর্ণনা করেছেন ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার করবিন মিডলমাস, ‘কী দারুণ নাটক! ডটিন আউট! তিনি ক্রিজে আসতে দেরি করেছেন এবং একটি বলও মোকাবিলা না করেই আউট হয়ে গেলেন। কী বড় ভুল!’ অন্যদিকে, ব্রিসবেন হিটের তারকা গ্রেস হ্যারিস প্রতিপক্ষ ব্যাটারের প্রতি সহানুভূতি দেখাননি, ‘ম্যাচে এমন ঘটনা আগে দেখিনি। তবে জানি, এমন একটি নিয়ম রয়েছে। সরাসরি বললে, এটি পেশাদার ক্রিকেট, পার্কে বন্ধুদের সঙ্গে খেলার ম্যাচ নয়। ’

আরো..