https://www.a1news24.com
,

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের আশাবাদ তামিমের

ভারতের সাথে যৌথভাবে অনুষ্ঠেয় ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বালিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আইসিসি সভার পর রবিবার (২২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই আশাবাদের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশে একটি সেমিফাইনাল আনার বিষয়ে এরই মধ্যে তিনি আইসিসির সাথে আলোচনা শুরু করেছেন।

তামিম বলেন, “ভারতের সাথে যৌথভাবে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। এতে আমার বা আমার বোর্ডের কোনো ভূমিকা ছিল না। তবে আমি চেষ্টা করছি যাতে অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে অনুষ্ঠিত হয়।”

এ ছাড়া ২০১১ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় ২০৩১ আসরে বাংলাদেশে গ্রুপ পর্বের আরও বেশি ম্যাচ আয়োজনের আশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। তিনি যোগ করেন, “এ বিষয়ে আমি ইতিমধ্যেই আইসিসির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি খুবই আশাবাদী যে ইতিবাচক কিছুই ঘটবে।”

বিশ্বকাপে সেমিফাইনালের একটি ম্যাচ বাংলাদেশে আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তামিম বলেন, “আমি খুবই আশাবাদী, এ রকম কিছু একটা হবে। আইসিসি যখন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে, তখন বিষয়টি পরিষ্কার হবে। আমরা যদি একটি সেমিফাইনাল বাংলাদেশে আনতে পারি, সেটা খুব ভালো একটি অর্জন হবে।”

এদিকে, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষ ক্রিকেট বাছাইপর্বের আয়োজক হিসেবে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় স্বাগত জানিয়েছেন তামিম। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট আটটি দল অলিম্পিকের অবশিষ্ট একটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

টুর্নামেন্টটি বাংলাদেশে আনার জন্য গত তিন-চার মাস ধরে কাজ করেছেন উল্লেখ করে তামিম বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি একটি উল্লেখযোগ্য অর্জন। অলিম্পিক বাছাইপর্বের মতো একটি আসর বাংলাদেশে অনুষ্ঠিত হবে, যেখানে আটটি দল অংশ নেবে।”

চূড়ান্ত ভেন্যু পরিকল্পনা এখনো নিশ্চিত না হলেও বাছাইপর্বের সবকটি ম্যাচ ঢাকায় আয়োজন করতে চায় বিসিবি। তামিমের বিশ্বাস, ঘরের মাঠে খেলার সুবিধা অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনে বাংলাদেশকে আরও ভালো সুযোগ করে দেবে।

পাশাপাশি পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের (ডব্লিউটিসি) জন্য বাংলাদেশের সূচি নিয়েও কথা বলেন তামিম। প্রস্তাবিত সূচি নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করলেও, বিস্তারিত তথ্য জানানোর আগে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করবেন বলে জানান।

আরো..