https://www.a1news24.com
,

লালমনিরহাটে খাল পুনঃখননের উদ্বোধন করলেন তারেক রহমান

দিলেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি

 

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে খালের পাশে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশের সার্বিক উন্নয়ন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং গণতন্ত্রের সুরক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছিল, দেশ গড়ার লক্ষ্যেও সবাইকে একইভাবে ঐক্যবদ্ধ হতে হবে। পরাজিত শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের যেকোনো ষড়যন্ত্র সরকার ও জনগণ সম্মিলিতভাবে মোকাবিলা করবে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ শুরু করেছে। বিগত সরকার তিস্তা নিয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, খাল পুনঃখনন ও জলাশয় সংরক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষা সম্ভব হবে।

অপরদিকে, সকালে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে। প্রধানমন্ত্রী বলেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে পড়বে। প্রযুক্তির এই যুগে তরুণদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা দেওয়া গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা ও সুযোগ পেলে বাংলাদেশের তরুণরা আকাশও জয় করতে পারে।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন। এসব কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দিনব্যাপী কর্মসূচি শেষে বিমানে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে।

আরো..