https://www.a1news24.com
,

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য বাংলাদেশের সামনে যে সমীকরণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজটি ২-০ ব্যবধানে জিততে পারলে ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে যেত বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হয়েছে উল্টো। সিরিজ জেতা তো দূরের কথা, ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে বাংলাদেশের পয়েন্টের হার কমেছে, কঠিন হয়েছে ফাইনালে ওঠার হিসাবটাও।

২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অবশ্য অবস্থানের পরিবর্তন হয়নি বাংলাদেশের। ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই আছে দলটি। তবে ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এখন বাকি ম্যাচগুলোতে বড় কিছু করে দেখাতে হবে বাংলাদেশকে।

এই চক্রে বাংলাদেশের আর চারটি টেস্ট খেলার সুযোগ আছে। এর মধ্যে দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তাদের মাঠে। বাকি দুটি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। ফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে চার ম্যাচের চারটিতেই জিততে হবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে ৬৩.৮৯ শতাংশ পয়েন্ট নিয়ে চক্র শেষ করতে পারবে দলটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের আসরগুলোর ইতিহাস বলছে, ৬০ শতাংশের আশপাশে পয়েন্ট নিয়েও ফাইনালে ওঠার নজির আছে। তাই ৬০ শতাংশের বেশি পয়েন্ট পেলে বাংলাদেশের সামনে সম্ভাবনা তৈরি হতে পারে।

চার ম্যাচের সব কটিতে জেতা না হলে হিসাবটা আরও কঠিন হয়ে যাবে। বাকি চার ম্যাচের তিনটিতে জিতে একটিতে ড্র করলে বাংলাদেশের পয়েন্ট হবে ৫৮.৩৩ শতাংশ। আর তিনটি জয়ের সঙ্গে একটি হার থাকলে পয়েন্ট নেমে আসবে ৫৫.৫৬ শতাংশে। এই দুই পরিস্থিতিতে ফাইনালে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে পড়বে।

কারণ, ফাইনালে খেলতে হলে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকতে হবে বাংলাদেশকে। অন্য দলগুলোর ফলাফলও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে নিজেদের কাজটা ঠিকঠাক করতে না পারলে প্রতিপক্ষের ফলের দিকে তাকিয়ে থেকেও খুব বেশি লাভ হবে না।

সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে পরিষ্কার সমীকরণ হলো বাকি চার ম্যাচে চার জয়। কাগজে-কলমে হিসাবটি সহজ মনে হলেও মাঠের লড়াইয়ে কাজটা মোটেও সহজ নয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি টেস্ট জয়ের পর ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানো, এই কঠিন পথ পাড়ি দিতে পারলেই কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে বাংলাদেশ।

আরো..