সারা দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে বাড়ছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৩৪ জন। এর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৩৫ জনের শরীরে, আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন।আরও
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জন মারা গেছেন।
গত একদিনে নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৭৩ জনের। আর সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে।
অন্যদিকে, ডেঙ্গুতেও বাড়ছে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের দুজন এবং ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের একজন রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।