https://www.a1news24.com
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৪

সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন করে ৪ হাজার ২৯১টি চাকরির শূন্যপদ ঘোষণা করা হয়েছে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। চলতি বছরে নতুন শূন্যপদ, সম্পন্ন নিয়োগ ও প্রশিক্ষণ চুক্তি মিলিয়ে মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টি।

সোমবার (১৯ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন হেলথ হোল্ডিং কোম্পানি এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য খাতে জনবলের চাহিদা পূরণ, সৌদি পেশাজীবীদের কর্মসংস্থান বাড়ানো এবং স্বাস্থ্যসেবার মান উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কোম্পানির তথ্যমতে, চলতি বছর ইতোমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কর্মসংস্থানের উদ্দেশ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে।

নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি শূন্যপদ যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টিতে। তবে এই সংখ্যার মধ্যে ইতোমধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি ও বর্তমানে আবেদন করা যাচ্ছে এমন শূন্যপদও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রার্থীরা সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে তারা কাঙ্ক্ষিত পদ, যোগ্যতার শর্ত ও সংশ্লিষ্ট বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে শূন্যপদ ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। দেশটির বিভিন্ন অঞ্চলে ২০টি স্বাস্থ্য অঞ্চলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে কোম্পানিটি। ফলে প্রার্থীরা নিজ নিজ অঞ্চলে চাকরির সুযোগ খুঁজতে পারবেন।

বাংলাদেশিরা আবেদনের সুযোগ পাবেন?
সৌদি সরকারের স্বাস্থ্য বিভাগের বড় এই নিয়োগের মূল লক্ষ্য যোগ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো। তাই নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি পদ বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত, এমন দাবি করার সুযোগ নেই।

তবে সৌদি আরবে বিদেশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক নিয়োগের সুযোগ থাকতে পারে। সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, পেশাগত নিবন্ধন ও কর্মানুমতির শর্ত পূরণ করতে হয়।

বাংলাদেশি প্রার্থীরা এই নির্দিষ্ট নিয়োগে আবেদন করতে পারবেন কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করতে হবে।

সূত্র: গালফ নিউজ

আরো..