https://www.a1news24.com
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০১

কাউখালীতে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার সার্বজনীন দুর্গামন্দিরগুলোতে আর্থিক অনুদান এবং সনাতন ধর্মাবলম্বী অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক মহাপরিচালক সুপ্রিয় কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এবং পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে পল্লব সিকদার, অ্যাডভোকেট সুধীর কুমার, জ্যোতির্ময় চক্রবর্তী রতন ও পলাশ কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান।

আরো..