https://www.a1news24.com
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪১

অবশেষে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে এখন আর পর্দায় খুব একটা দেখা যায় না। তবে দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয় দক্ষতার কারণে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন। কিন্তু বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এ নায়িকা।

২০২৩ সালের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র উড়াল দেন মৌসুমী। তারপর থেকে সেখানেই থাকছেন। একমাত্র মেয়ে ফাইজার পড়ালেখার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখভাল করছেন তিনি। এতদিন দেশটিতে অবস্থান করলেও সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকায় এর জন্য অপেক্ষা ছিল তার।

এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। তিন বছর পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন এ চিত্রনায়িকা। শনিবার (১৭ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি অনুষ্ঠানে এই সুখবর নিজেই জানিয়েছেন মৌসুমী।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড হচ্ছে দেশটিতে স্থায়ীভাবে বসবাস এবং কাজের অনুমিত পাওয়া। আর সোনার হরিণ এই কার্ডটি পাওয়ায় এখন সেখানে স্থায়ীভাবে বসবাসের পথ আরও সহজ হলো।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে মৌসুমীর। এরপর তিনি ‘মেহের নিগার’ চলচ্চিত্র পরিচালনা করেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনার সঙ্গেও যুক্ত। ১৯৯৬ সালে ‘গরীবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সর্বশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন।

আরো..