https://www.a1news24.com
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৪

দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে ১৩ জনের প্রাণহানি, ভর্তি ৩,৩২০

ডেঙ্গু ও হামের উপসর্গে রবিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩২০ জন জন। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সারা দেশে ছয়জনের মৃত্যু এবং নতুন ২ হাজার ৮৮ জনের ভর্তির তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৪০০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ২৬ জন।

অন্যদিকে, হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ৭ জনের মৃত্যু এবং ৬৫ জনের নিশ্চিত সংক্রমণসহ ১ হাজার ২৫৪ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৯ জনে (নিশ্চিত হামে ১০৪ ও উপসর্গ নিয়ে ১ হাজার ৫৫)। এই সময়ে মোট ২ লাখ ১৩ হাজার ২৪৪ জন সন্দেহজনক আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১ হাজার ৫৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৬১, খুলনায় ২৯০, বরিশালে ১৯৯, রাজশাহীতে ২০০, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭২ ও সিলেটে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ৪ জন ঢাকার, একজন খুলনার ও একজন নরসিংদীর বাসিন্দা।

বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন, যাদের মধ্যে মারা যান ১ হাজার ৭০৫ জন। এরপর ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত ও মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, যাদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়।

আরো..