https://www.a1news24.com
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২১

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় ১২ ভক্ত নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের ওপর একটি ট্রাক উঠে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

গোয়ালিয়র পুলিশের এসএসপি ধর্মবীর সিং জানান, চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই ট্রাকটি রাস্তার ঢালু অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটি পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর দিয়ে উঠে যায় এবং মন্দিরের সীমানাপ্রাচীর ও গেটে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পরপরই ৩৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ১২ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া ওই সময় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

হঠাৎ ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় মন্দির এলাকায় চরম বিশৃঙ্খলা ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতরা সবাই ভক্ত এবং বড় একটি দল নিয়ে মন্দিরে এসেছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরো..