https://www.a1news24.com
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৫

কলকাতায় পূজামণ্ডপ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ ভেঙে অন্তত ১৭ জন দর্শনার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর রাতে প্রবল বৃষ্টির সময় মণ্ডপে আশ্রয় নিতে গিয়ে দর্শনার্থীদের হুড়োহুড়ি ও অতিরিক্ত ভিড়ের চাপে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে দর্শনার্থীরা বৃষ্টি থেকে বাঁচতে জোর করে ওই পূজামণ্ডপে ঢুকে পড়েন। এ সময় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি ভিড় হওয়ায় ভেতরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে ভিড়ের প্রবল চাপে মণ্ডপের একটি বড় অংশ ভেঙে পড়ে এবং দর্শনার্থীরা কাঠামোর নিচে চাপা পড়েন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ১৭ জনের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ এবং একজন শিশু রয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকাজে অংশ নেওয়া চিকিৎসক ডা. তমাল ভট্টাচার্য জানান, আহতদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চলছে, ইতিমধ্যে একজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

উদ্ধার তৎপরতা নিয়ে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তাদের অভিযোগ, মণ্ডপে প্রচুর পুলিশ ও ভলান্টিয়ার থাকা সত্ত্বেও দুর্ঘটনার পর শুরুতে তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারাই কাঠামোর নিচ থেকে আহতদের উদ্ধারে প্রথম এগিয়ে আসেন এবং পরে পুলিশ তাদের সঙ্গে যোগ দেয়।

ঘটনার পরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার পর ওই মণ্ডপটি দর্শনার্থীদের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, হতাহতদের পরিবারকে সহায়তা ও তথ্য প্রদানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি জরুরি হেল্পলাইন চালু করা হয়েছে।

আরো..