https://www.a1news24.com
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৯

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপির নেতাকর্মীরা কাজ করছে: ফাহমিদা হক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন অটুট রাখতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছে বলে জানিয়েছেন খুলনা-৬ আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো সুযোগসন্ধানী মহল যাতে সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কেন্দ্র, জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপির পর্যবেক্ষক টিম এবং মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবকরা ২৪ ঘণ্টা নজরদারি করবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপসমূহের অনুকূলে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ফাহমিদা হক বলেন, কয়রা-পাইকগাছার আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে ইতোমধ্যে তালিকা জমা দেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার ১৫১টি শারদীয় দুর্গাপূজা মন্দিরের প্রতিটির জন্য ৭ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ সহায়তা তুলে দেন।

এ ছাড়া মনিরুল হাসান বাপ্পী ব্যক্তিগত তহবিল থেকে ৪৭টি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও সমর্থকরাও বাড়তি নিরাপত্তা ও সহযোগিতামূলক দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, ‘এই বাংলাদেশ সবার। এখানে কোনো অশুভ শক্তির ঠাঁই নেই।’ দেশের উন্নয়ন ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা থানার ওসি অপারেশন জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, পৌর সভাপতি বাবুরাম মণ্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া গণমাধ্যমকর্মী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে অসুস্থ চিকিৎসাপ্রার্থীদের মাঝেও আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।

আরো..