https://www.a1news24.com
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও মহড়া

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আগাম সতর্কবার্তা প্রদান এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিবছরের ন্যায় এবারও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন পালন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিএসবি সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো: মঞ্জুরুল আলম, সিলেট জেলা ত্রাণ ও পুনর্র্বাসন কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস বুলবুল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম, জেলা মৎস্য দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রিপন কুমার তালুকদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মো: মিজানুর রহমান, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক হুসাইন আহমদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, ব্রাকের মো: জসীম উদ্দিন, ইএসডিও-প্রতিষ্ঠা প্রজেক্টের এ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো: দেলোয়ার হোসেন, সিলেট চেম্বারস্ অব কমার্স ভলান্টিয়ার ইন্সট্রাক্টরের সদস্য আমীন তাহমীদ, ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার আশরাউল আনাম মাশাফি প্রমূখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে আলোচনা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভূমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।-বিজ্ঞপ্তি

আরো..