https://www.a1news24.com
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২১

রাজাপুরে ইসলামিক মিশন হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, তদন্তের নির্দেশ দিলেন এমপি জামাল

মোঃ অহিদ সাইফুল : ঝালকাঠির রাজাপুরে ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতালটির কার্যক্রম পরিদর্শন করে এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কানুদাসকাঠি এলাকায় অবস্থিত হাসপাতালটি আকস্মিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে হাসপাতালটি পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘদিন ধরে এখানে অনিয়ম হচ্ছে এবং মানুষ ঠিকমতো সেবা পাচ্ছে না বলে শুনেছি। আজ পরিদর্শনে এসে দেখলাম, হাসপাতালটির কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এখানে তেমন কোনো চিকিৎসাসেবা নেই।’

তিনি আরও বলেন, হাসপাতালটির আলট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়েছে এবং এক্স-রে মেশিন বন্ধ রয়েছে। গত ১৫ থেকে ১৬ বছর ধরে কর্মরত লোকজন একই অবস্থায় রয়েছেন। প্রতিদিনের হাজিরা থাকলেও কী ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, তার উল্লেখ রেজিস্টারে পাওয়া যায়নি বলে তিনি জানান।

সংসদ সদস্য বলেন, ভবিষ্যতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে হাসপাতালটির কার্যক্রম ও অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসাসেবা পান।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ, ঝালকাঠি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো..