https://www.a1news24.com
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২১

ঢাকা হতে সৌদিগামী ৬১টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ৯ হাজার ২৬৯ যাত্রী

হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ব্যাহত হয়েছে ৬১টি ফ্লাইট, অনিশ্চয়তায় পড়েছেন ৯ হাজারের বেশি যাত্রী। নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করায় বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, এ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৬১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

এসব ফ্লাইট বাতিল ও ব্যাহত হওয়ার ফলে সর্বমোট ৯ হাজার দুইশ ৬৯ জন বিমানযাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আরো..