https://www.a1news24.com
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৪

পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান

রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) ১১টায় পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম শাহ। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ, এ সময় উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী রুবিনা পারভীন রুবি, নেত্রী সহিদা খাতুন সাহি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করে LAIE ইসিএম ফেজ-৩ প্রকল্প, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, বারকোনা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমিতিগুলো।

আরো..