https://www.a1news24.com
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০২

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরপত্নী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।ঢাকার দশম বিশেষ জজ আদালতের বিচারক রবিউল ইসলাম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

দুদকের কৌঁসুলি শাহ মো. নাজমুস সাকিব বলেন, “দণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।”

রায় ঘোষণার আগে সুপর্ণা সুরকে কারাগার থকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, সুপর্ণা সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নিজের ও তার স্বামী এসকে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য নোটিস দেওয়া হয়। সুপর্ণা ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।

এজন্য ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন।তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন দুদকের উপ সহকারী পরিচালক এ এম তাহের আদালতে অভিযোগপত্র জমা দেন।

গত ৩ ফেব্রুয়ারি সুপর্ণার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। বিচার চলাকালে আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করে। আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হল।

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এর আগে গত ২৮ জুলাই এস কে সুরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আরো..