সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ প্রসঙ্গে
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ প্রসঙ্গে বলেছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই। পারিবারিক সম্পত্তি বন্টন নীতি মহান আল্লাহ পাক পবিত্র কুরআনে ১৪০০ বছর আগে বলেদিয়েছেন। এখন এ আইন কারো পছন্দ না হলে এটা তার বদনসিব। এর বিরুদ্ধে নতুন করে আইন করার এখতিয়ার সরকারের নেই। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় সারাদেশে প্রতিবাদের দাবানল জ্বলে উঠলে সরকারকে চরম খেসারত দিতে হবে।
সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার মুরাদনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের মুরাদনগর উপজেলা শাখা সভাপতি এমএম মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আব্দুল হান্নানের সঞ্চালনায় মুরাদনগর সদরের একটি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুর রাজ্জাক হাজী আব্দুল করীম, মোহামম্দ হোসাইন মোল্লা, মো. কামাল হোসেন, মাওলানা শোয়াইব হুসেন, জহিরুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি উপজেলার ১১ সদস্য উপদেষ্টা ও ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন এবং নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।
ইসলামী শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত না নিয়ে তড়িঘড়ি করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ পাস করায় তীব্র প্রতিবাদ জানান তিনি। আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্য নিন্দনীয়। বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা চেতনাকে পাশকাটিয়ে এধরনের আইন পাশ করা ইসলামের সাথে চরম উপহাসের শামিল।