https://www.a1news24.com
,

ক্যারিয়ারের শুরু থেকেই আমি বিবাহিত, প্রেমের প্রতিও ছিল অনীহা: নাবিলা

তারকাদের ক্যারিয়ারে প্রেম বিয়ে নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। এসব বিষয় থেকে অনেকটাই মুক্ত অভিনেত্রী নাবিলা ইসলাম। টিভি নাটকে দেড় যুগ পার করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে কোনো নায়ক বা প্রযোজকের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়াননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাবিলা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বিবাহিত। প্রেমের প্রতি আমার এক ধরনের অনীহাও ছিল। সেটে বাড়তি আড্ডা কম দিই, কাজের বাইরে যোগাযোগও কম থাকে। তাই অনেকে হয়তো আমাকে ঠিকমতো মূল্যায়ন করেননি। এর জন্য কাউকে দোষ দিই না, এটা আমার মেলামেশার ঘাটতি।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই কোনো নির্দিষ্ট নায়ক বা পরিচালকের গণ্ডিতে আটকে থাকিনি। ধীরে ধীরে সবার সঙ্গে কাজ করেছি। দলবেঁধে কাজ করার সংস্কৃতিতে আমি কখনো বিশ্বাসী নই। আমি মনে করি, যারা সিন্ডিকেটে বাঁধা পড়ে কাজ করেন, তারা অনেক দিন টিকে থাকতে পারেন না।’

বিনোদন মিডিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওই সময় অনেকে ভাইরাল হয়ে, প্রচুর ভিউ পেয়ে হইচই ফেলে দিয়েছেন। কিন্তু কিছুদিন পর আর নাটকে তাদের দেখা যায় না। তাই আমি কখনোই শর্টকাটের পেছনে ছুটিনি। ১৮ বছর ধরে টানা কাজ করছি, এটাই আমার টিকে থাকার বড় প্রমাণ।’

তবে বর্তমান নাটকের গল্প আর মান নিয়ে বেশ ক্ষুব্ধ নাবিলা। অসন্তোষ জানিয়ে তিনি বলেন, ‘এখনকার মূল ধারার নাটক শুধু নায়ক-নায়িকা, মানে দুই-আড়াইজন চরিত্রের মধ্যেই আটকে গেছে। অথচ নাটকে প্রতিটি চরিত্রই সমান গুরুত্বপূর্ণ হওয়া উচিত।’ উদাহরণ হিসাবে হুমায়ূন আহমেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তখন পরীক্ষামূলক ও বৈচিত্র্যময় গল্পের নাটক হতো। সেই নাটকে যে স্বাচ্ছন্দ্য ও শিল্পের আনন্দ ছিল, এখনকার কাজে তা পাই না। বিশেষ করে গ্রামের গল্পের নাটকে একই ধরনের স্বামী-স্ত্রীর ঝগড়া আর কিছু নির্দিষ্ট নামের পুনরাবৃত্তি হচ্ছে। মনে হয়, যেন কেজি হিসাবে নাটক বানানো হচ্ছে।’

আরো..