কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে তা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মহির উদ্দিন (৫০) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষ্ণু গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, বল্লভবিষ্ণু গুলশান মোড় এলাকার বাসিন্দা ও মুদি ব্যবসায়ী মহির উদ্দিন মোটরসাইকেলযোগে উপজেলা শহর থেকে দোকানের মালামাল নিয়ে গুলশান মোড় বাজারে নিজ দোকানের সামনে পৌঁছান। এ সময় তিনি নিজের চোখের সামনে দুই ছেলে মাইদুল ইসলাম (৩২) ও রশিদুল ইসলামের মধ্যে মারামারি করতে দেখেন। একপর্যায়ে দৃশ্যটি দেখে অসুস্থ হয়ে মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে যান তিনি।
পরে পরিবারের লোকজন তাকে দ্রæত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মহির উদ্দিনের ছোট ছেলে রশিদুল ইসলাম বেশ কিছুদিন ধরে নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন। বিষয়টি জানতে পেরে বাবা মহির উদ্দিন ও বড় ভাই মাইদুল ইসলাম তাকে দোকানে বসতে নিষেধ করেন। ঘটনার দিন দোকানে বসাকে কেন্দ্র করে এবং ক্যাশবাক্স থেকে টাকা নেওয়ার অভিযোগে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। এ সময় চোখের সামনে দুই ছেলের মারামারি দেখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মহির উদ্দিনের মৃত্যু হয় বলে পরিবারের দাবি। মহির উদ্দিন বল্লভবিষ্ণু গুলশান মোড় এলাকার মৃত সফিউতউল্লাহর ছেলে।
কাউনিয়া থানার ওসি শিয়াব উদ্দিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, দুই ছেলের মারামারির দৃশ্য দেখে তা সহ্য করতে না পেরে মহির উদ্দিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরিবার জানিয়েছে।