https://www.a1news24.com
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ-ভারত মহারণ আজ

ভারতকে সেমিফাইনালে এড়িয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ। এজন্য গ্রুপ পর্বের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু শ্রীলঙ্কার কাছে রুদ্ধশ্বাস ম্যাচ হারায় সেই সুযোগটি হারায় বাংলাদেশ।

ভারত আরেক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিফাইনালে গেছে। বাংলাদেশ রানার্সআপ হয়ে শেষ চারে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন এবং অন্য গ্রুপের রানার্সআপ দল মুখোমুখি হবে শেষ চারে। সমীকরণ অনুযায়ী তাই, ভারত ও বাংলাদেশের দেখা হয়ে গেল সেরা চারে।

আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর দুই দলের মহারণ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু ম্যাচ। সরাসরি দেখাবে টি স্পোর্টস।

সেমিফাইনালের কঠিন চ্যালেঞ্জ পার হয়ে ট্রফির মঞ্চে পা রাখার সুযোগ রয়েছে নিগার সুলতানাদের। ফাইনালের চ্যালেঞ্জ নিয়েই আজ মাঠে নামতে যাচ্ছেন টাইগ্রেসরা। ভারত নিশ্চিতভাবেই ফেভারিট হলেও নিজেদের জন্য সর্বোচ্চ সুযোগ দেখছেন বাংলাদেশের তারকা পেসার মারুফা আক্তার।

ভারতকে হারানোর আশায় বুক বাঁধছেন তিনি, ‘ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ। এ ম্যাচ জিততে পারলে আমরা ইনশাআল্লাহ ফাইনালে খেলব।’ এ সময় দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেভাবে অবদান রেখে যাচ্ছি, দোয়া করবেন যেন এভাবে খেলা চালিয়ে যেতে পারি। আর দলের অন্য সিনিয়র আপুরাও যেন একইভাবে দলকে সহযোগিতা করতে পারেন। আপনারা দোয়া রাখলে কালকের ম্যাচটি আমরা ইনশাআল্লাহ জয় দিয়ে শেষ করতে পারব।’

এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মার মারুফা। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ এবং ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২টি করে উইকেট নেন মারুফা। দুর্দান্ত এই পারফরম্যান্সের সৌজন্যে র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে বর্তমানে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি, যা বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ। আজও নতুন বলে তার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। তার গতি ও সুইংয়ে ভারতীয় ব্যাটাররা পরাস্ত হলে হাসি ফুটবে বাংলাদেশ শিবিরে। সেই অপেক্ষাতেই থাকবে পুরো দেশ।

তবে অতীত রেকর্ড বাংলাদেশের পক্ষে নয়। ভারতের বিপক্ষে ২৪ মুখোমুখিতে মাত্র ৩টিতে জিতেছে। ২১টিতেই হেরেছে। তবে একটি জয় বাংলাদেশকে আত্মবিশ্বাসী করতে পারে। ২০১৮ সালে ভারতকে কুয়ালালামপুরে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের একমাত্র শিরোপা জিতেছিল।

আট বছর পর এবার দুই দল সেমিফাইনালের মঞ্চে। দুবাইয়ের মাঠে কুয়ালামপুরের সুখস্মৃতি ফেরাতে পারবেন কী জ্যোতিরা?

আরো..