https://www.a1news24.com
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮

বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা: স্বর্ণসহ ৪ পদক পেল বাংলাদেশ সেনা ও নৌবাহিনী

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদকসহ চারটি পদক জিতেছে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর চার সাঁতারু।

গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সাঁতারুরা ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেন বলে তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার নারী এবং ৮১ কিলোমিটার পুরুষ তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসব ইভেন্টে বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংখ্যক সাঁতারু অংশগ্রহণ করেন।

এর মধ্যে ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার নারী ইভেন্টে ১৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন মোট ৯ সাঁতারু। এর মধ্যে ১৯ কিলোমিটার ইভেন্টে ৬ জন এবং ৮১ কিলোমিটার ইভেন্টে ৩ জন সাঁতারু অংশ নেন।

প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে স্বর্ণপদক জেতেন সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ। ১৯ কিলোমিটার নারী ইভেন্টে নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার রৌপ্যপদক অর্জন করেন।

এছাড়া ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে নৌবাহিনীর সাঁতারু পলাশ চৌধুরী রৌপ্যপদক এবং সেনাবাহিনীর সাঁতারু নুর ইসলাম ব্রোঞ্জপদক অর্জন করেন।

আইএসপিআর আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুদের এ সাফল্য দেশের সাঁতার অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।

আরো..